নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৈতৃক জমি দখলের চেষ্টা এবং মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আজিজুল ইসলাম রাজু। রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মাগুড়া মিয়াপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আজিজুল ইসলাম রাজু বলেন, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ডা বাবুপাড়ায় অবস্থিত জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ১৯৫৩ সাল থেকে তাদের পরিবার জমিটি ভোগদখল করে আসছে এবং জমির বৈধ দলিল ও রেকর্ডও তাদের নামে রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৩ জুলাই তার চাচাতো ভাই শফিকুল ইসলাম, শিমুল ইসলাম ও আঞ্জু বেগম পূর্বঘোষণা ছাড়াই জমিটি দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাকে এবং তার ছেলে-মেয়েকে মারধর করা হয়। এতে তারা আহত হন।
রাজুর দাবি, জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্তরা উল্টো হাসপাতালে ভর্তি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। পাশাপাশি কিছু সাংবাদিক তার বক্তব্য না নিয়েই অর্থের বিনিময়ে তাকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা আলহাজ মো. হামিদুল ইসলাম ও মোহাম্মদ আলী বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। তাদের দাবি, শুধু আজিজুল ইসলাম রাজুই নন, তারাও একই ধরনের হয়রানির শিকার হয়েছেন।
তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।