পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ আটক করেছে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর শিংরোড বিওপির একটি টহল দল সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রত্নিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. হাবিবুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার কামারপাড়া গ্রামের মো. আসমুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০ পিস, একটি পুরাতন হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল, একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোন সিম জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও জব্দকৃত অন্যান্য মালামাল পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।