আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় ষড়যন্ত্রমূলকভাবে এক গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়েছে। ভুক্তভোগী গণমাধ্যম কর্মী জসিনুর রহমান (৩৮) এই ঘটনাকে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্র জানায়, জসিনুর রহমান পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি জলঢাকা উপজেলা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ডোমার ডিলমা রোডস্থ সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচের বাড়ির সংলগ্ন স্থানে এক অটোচালককে মারধর ও অর্থ ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ১ নম্বর বিবাদী উল্লেখ করে জলঢাকা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে জসিনুর রহমান জানান, ঘটনার সাথে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না এবং উক্ত বিষয়ে তাঁর কোনো হাত নেই। একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই চক্রান্ত চালিয়েছে। থানা পুলিশ বা ভিকটিম। কেউই এই ঘটনায় তাঁর সম্পৃক্ততার সপক্ষে প্রমাণ দেখাতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেন।
উক্ত ঘটনার জেরে সাংবাদিক অঙ্গন ও সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। জসিনুর রহমান এই মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং তাঁর সংগঠনসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।