আবেদ আলী : খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবুকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি শাহিনুর হক (বাবু)-কে প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে সকল শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবু বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হচ্ছেন শিক্ষকমণ্ডলী। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিক পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য-সচিবসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবুকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর থেকে সম্প্রতি ৪ (চার) সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।