দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের আগ পর্যন্ত তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সরকারি স্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার এসিল্যান্ড রয়েছেন।
এতদিন এসব কর্মকর্তা নিজ নিজ উপজেলায় ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। প্রত্যাহারের পর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের অপেক্ষায় থাকবেন তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, সে তথ্য উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে প্রয়োজনীয়ভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।