নীলফামারীর ডোমারে ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার কেতকিবাড়ী সীমান্তে এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কেতকিবাড়ী বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. রেজোয়ান রেজার নেতৃত্বে বিজিবির একটি টহলদল ডোমার থানাধীন সীমান্ত পিলার ৭৮৮/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কেতকিবাড়ী শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন।
এ সময় ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটক স্বপন মিয়া ডোমার উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী গ্রামের মো. আ. সালামের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি, ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।