
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডোমার থানার সীমান্ত পিলার ৭৭৮/৮-এস থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে চৌরাঙ্গী মোড় এলাকায় আসছে। পরে সুবেদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে কৌশলগত অবস্থান নেয়।
ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতি মৌজার মৃত বশির উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ মোট জব্দমূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও বিস্তার রোধে সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫১ বিজিবি।