প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:৪৮ পি.এম
নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সোহেল পারভেজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুশাত তাবাসসুম রিমু। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল ও জাসাসের সদস্যসচিব আবুল হাসনাত রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুপামারী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।
আলোচনা সভায় লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর গান ও দর্শন মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং ভেদাভেদহীন সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায় বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লালনগীতি ও বাউলসংগীতের মাধ্যমে তাঁর কালজয়ী দর্শন ও সৃষ্টিকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
@Copyright alifnews24.net