শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে ৬০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার এবং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দির চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য উপলক্ষ। বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে—এটাই সবার প্রত্যাশা। পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক টিকেন্দ্রজিৎ রায় মিরু ও তিমির কুমার তপন, নীলফামারী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার হিরু, বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী শাখার আহ্বায়ক সুমন চক্রবর্তী এবং নীলফামারী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রিয়া কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণের এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।