দক্ষ যুব গড়বে দেশ-সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ১লা নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি যুব র্যালী বের হয় এবং র্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান মাষ্টার, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস.এম গোলাম মোস্তফা, ইএসডিও ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত রায়, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) খন্দকার মোহাম্মদ আখতারুল ইসলাম, যুব উন্নয়নের ক্যাশিয়ার মোশাররফ হোসেন প্রমুখ। উক্ত যুব দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক, যুবতি ও যুব সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মজিদ। প্রধান অতিথি'র বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, দেশ গঠনে যুবশক্তি বরাবরই মোক্ষম ভুমিকা রাখে। এ জন্য দেশের যুবক ও যুবতি শ্রেণির উদ্দ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ও আর্থিক ঋন বিতরনের মাধ্যমে স্বাবলম্বী করেন সরকার। আত্মনির্ভরশীল সামাজিকতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর এ সব বাস্তবায়ন করে আসছে।