আবেদ আলী :
নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শেষ বিকেলে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র্যালি
প্রদক্ষিণ করে।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু ও মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি।
বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন ও এর তাৎপর্য তুলে ধরে বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জীবনের এক অবিস্মরণীয় দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই দিনের চেতনা আমাদের সবসময় শক্তি ও প্রেরণা জুগিয়ে আসছে।
তারা দেশ ও জনগণের স্বার্থে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় জলঢাকা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।