আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপি'র উদ্যোগে উপজেলার ছিট মীরগঞ্জ শালনগ্রাম বহুমুখী কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন জাতের ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি উন্নয়ন সংস্থা পপি এনজিও'র ‘বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬’ এর আওতায় এ চারা বিতরণ করা হয়।
‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এ কর্মসূচিতে পপি-রংপুর রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক এ কে এম মাজহারুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীউর রহমান, বালাগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু জাফর মো. ছালেহ্, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান এবং বিশিষ্ট ব্যবসায়ী এবিএম মোসফেকুর রহমান দুলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পপি-জলঢাকা জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বগুলাগাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, গাবরুল শাখার শাখা ব্যবস্থাপক আলামিন সরকার, জলঢাকা শাখার শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় এবং রংপুর রিজিওনের আইটি অফিসার রাজু ইসলাম। এর আগে অতিথিরা বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ এবং তা যথাযথভাবে পরিচর্যার আহ্বান জানান। চারা বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা ব্যানার ও চারা হাতে ছবিতে অংশ নেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে তারা নিয়ে যায়।