
পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ৪৫ হাজার টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। এ সময় অভিযুক্তের এক ভাই পালিয়ে যান।
Advertisement
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝাড়পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল লতিফের নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল যৌথভাবে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৬৮/১৫-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার ঝাড়পাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঝাড়পাড়া গ্রামের বাসিন্দা শ্রীমতি শেফালী রাণী (৩০)-কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার ভাই পলাশ চন্দ্র রায় (৩১) পালিয়ে যান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 









