
Advertisement
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী বড় মাঠের মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ কে এম শাহ্ আরেফিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলা বিনোদনের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব।
টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার আইনজীবীদের পৃথক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ডোমার ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় নীলফামারী সদর ল-ইয়ার্স ইউনাইটেড।
এ সময় উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ঈসমাঈল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো,এ্যাড.তৈবুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
Advertisement
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 

















