
নীলফামারীর জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ১৫ বস্তা ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে খোলাবাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপুতী বাজারে ব্যবসায়ী বাবুল ইসলামের (২৮) দোকানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌপুতী বাজারের ওই সার ব্যবসায়ী পার্শ্ববর্তী গঙ্গাচড়া উপজেলা থেকে ডিএপি সার সংগ্রহ করে জলঢাকাসহ পাশের ডিমলা উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ ধরনের অনিয়মের গোপন তথ্য পেয়ে তিস্তা নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক ডালিয়া রোড মহাসড়কের চাপানী জোড়াব্রিজ এলাকায় সারবোঝাই মালামাল আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগ ও থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, বিএস জুয়েলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা ১৫ বস্তা ডিএপি সার বস্তাপ্রতি সরকারি নির্ধারিত ১ হাজার ৫০ টাকা দরে উপস্থিত কৃষকদের কাছে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, অনিয়মতান্ত্রিকভাবে সার সংরক্ষণ, মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করায় আইন অনুযায়ী তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি 













