লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আকিজ বিড়ি ফ্যাক্টরির এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে লালমনিরহাট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ অয়াসিম মিয়া (৩০)। তিনি আদিতমারী উপজেলার সাপটিবাড়ি বাজারের পশ্চিমে প্রায় ৫০০ মিটার দূরে ব্রিটিশ আমেরিকান টোবাকো সংলগ্ন চওরাটারী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, অয়াসিম মিয়া প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ভোরে বাইসাইকেলযোগে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজে যেতেন। কাজ শেষে বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে সাপটিবাড়ি বাজার থেকে জামুরটারী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগামী বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং চালকসহ ট্রাকটি আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেড দিয়ে দীর্ঘ সময় অবরোধ করে রাখে। তাদের দাবি ছিল, ঘটনার সুষ্ঠু বিহিত না হওয়া পর্যন্ত লাশ সরানো হবে না। এ সময় জনতা নিহতের লাশ আটকে রাখে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, কোনো যানবাহন পারাপার করতে পারেনি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে জনতা পুলিশের দিকে তেড়ে এলে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রাণরক্ষার্থে নিকটস্থ একটি বসতবাড়িতে আশ্রয় নেন।
পরে সাপটিবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমঝোতার মাধ্যমে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।