
আবেদ আলী
গতকাল দুপুরে জলঢাকা পৌর শহরের জিরোপয়েন্ট মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কান্নাজড়িত কণ্ঠে আতিকুল ইসলাম জানান, দুপুরে পৌর শহরের কাঁচামাল আনলোড করার পর তিনি ভ্যানটি উপজেলা সড়কের জিরোপয়েন্ট মোড়ে রেখেছিলেন। সামান্য সময়ের জন্য একটি ভাড়ার কথা বলতে যাওয়ার ফাঁকেই ঘটে বিপত্তি। ফিরে এসে তিনি দেখেন, তার জীবিকার একমাত্র সম্বল ভ্যানটি আর সেখানে নেই। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির আর কোনো সন্ধান পাননি তিনি।
ভ্যান হারানোর পর থেকেই শোকে ও কান্নায় ভেঙে পড়েছেন এই বৃদ্ধ। বারবার চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, “এই ভ্যানটি চালিয়েই আমার পরিবারের ১০ জনের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র ভরসা চলত। এখন আমার এই সংসার কীভাবে চলবে, পরিবারের মুখে কীভাবে খাবার তুলে দেব, আমি কিছুই বুঝতে পারছি না।
একটি পরিবারের ১০টি মুখের অন্ন জোগানোর একমাত্র মাধ্যম এভাবে চুরি হয়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মনেও গভীর ক্ষোভ ও অনুকম্পার সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান মানুষ ও প্রশাসনের একটু সহযোগিতা এবং দ্রুত ভ্যানটি উদ্ধার করা গেলে হয়তো আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবেন এই অসহায় আতিকুল ইসলাম। অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে এবং তার ভ্যানটি উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
আবেদ আলী 









