
আবেদ আলীঃ রংপুর অঞ্চলের প্রতিটি উপজেলায় ‘ভাওয়াইয়া একাডেমি’র কমিটি গঠনের লক্ষ্যে নীলফামারীতে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নীলফামারী ভাওয়াইয়া পরিষদ।
নীলফামারী জেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠান শুরুর প্রথমে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, “ভাওয়াইয়া গান আমাদের উত্তর জনপদের আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য রত্ন। এই সমৃদ্ধ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সুসংগঠিতভাবে কাজ করতে হবে। ভাওয়াইয়া একাডেমির মাধ্যমে রংপুরের প্রতিটি উপজেলার প্রান্তিক পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে তাদের মূলধারায় নিয়ে আসার সুযোগ তৈরি হবে। বর্তমান প্রজন্মের মাঝে আমাদের নিজস্ব শিল্প-সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে এই উদ্যোগ এক মাইলফলক হয়ে থাকবে। তিনি দলমত নির্বিশেষে গ্রামীণ সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সফরসঙ্গী ও রংপুর মহানগর জাসাসের আহবায়ক আমিনুল ইসলাম হারুন এবং ভাওয়াইয়া একাডেমির যুগ্ম মহাসচিব মহিতুজ্জামান লাবলু।
নীলফামারী ভাওয়াইয়া পরিষদের আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন ভাওয়াইয়া একাডেমির সাংস্কৃতিক সচিব ও বিশিষ্ট সংগীতশিল্পী এম এ জলিল, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জাসাসের আহবায়ক আসলাম হায়াৎ মিল্টন ও সদস্য সচিব আবুল হাসনাত রাসেল প্রমুখ।
এ সময় জলঢাকা সহ জেলার ৬ উপজেলার জাসাস ও ভাওয়াইয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি এমপি রেজেকা সুলতানা ফেন্সি নিজে ভাওয়াইয়া গান গেয়ে শুনিয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন।
আবেদ আলী 















