
আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বিশাল (২০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী শাহিনুর ইসলাম (৩৫) মারাত্মকভাবে আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে জলঢাকা-ডালিয়া সড়কের বটতলার সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ভ্যানচালক বিশাল যাত্রী শাহিনুর ইসলামকে নিয়ে চার্জার ভ্যানযোগে জলঢাকা থেকে ডালিয়া রোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১২-৯১৮২) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয়। নিহত বিশাল জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় আহত ভ্যানযাত্রী শাহিনুর ইসলাম (৩৫) জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজার এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রাকচালকের নাম-ঠিকানা শনাক্ত করা এবং মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আবেদ আলী 


















