শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্মরণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ উপলক্ষে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
Advertisement
রোববার (৪ অক্টোবর) রাতে নীলফামারী জেলা শিক্ষা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপকমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
সভায় বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, গুণী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান, অতিথিদের সংবর্ধনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় উপকমিটির আহ্বায়ক ও সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. সৈয়দ খলিলুর রহমান, সদস্য চাঁদের হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান হেলাল, নীলফামারী বিএম কলেজের সহকারী অধ্যাপক আসলাম হায়াত মিল্টন, কুখাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেনদ্রজিৎ রায় মিরু, নীলফামারী উত্তর চওড়া স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মোর্শেদ আজম এবং গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সরোয়াদ্দী হোসেন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্য, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরীর প্রবন্ধ পাঠ এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে।
সম্মাননা পাবেন গুণী শিক্ষকরা
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে নীলফামারীর দুই গুণী ও প্রবীণ শিক্ষককে বিশেষ সম্মাননা জানানো হবে। তারা হলেন গুণী শিক্ষক মো. রফিকুল ইসলাম স্যার এবং নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আফজালুল হক (নান্নু স্যার) । তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হবে।
এ ছাড়া নীলফামারীতে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরকেও ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অনলাইন ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দিবেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী (শামীম),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহসিন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম সিদ্দিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্রধান অতিথির বক্তব্য দিবেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
Advertisement
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 















