
নীলফামারীর জলঢাকায় দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া শিমুলবাড়ি সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খাঁনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“শিক্ষক চলে যান, কিন্তু তাঁর শিক্ষা কখনো চলে যায় না’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কুমার রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক অভিভাবক সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য হামিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক অজয় কুমার রায়, জাহাঙ্গীর আলম ও কৃষ্ণ কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশায় থেকে রেজাউল করিম খাঁন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে রেজাউল করিম খাঁন আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে চলার পথে শিক্ষক, শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের পরিবারের মতো করে আগলে রাখবেন। শিক্ষার্থীদের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। একদিন আপনারাও আমার মতো অবসরে যাবেন। যাওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু স্মৃতি রেখে যাবেন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান। এতে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং শিমুলবাড়ি বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠের পরিচালক শ্রী কৃষ্ণ চন্দ্র রায় বিদায়ী শিক্ষক রেজাউল করিম খাঁনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পরে তাঁর অবসরজীবনের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা।
মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি 

















