
নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ধোবাডাঙ্গা পর্ণকুটির ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধোবাডাঙ্গা পর্ণকুটির ক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জিপি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সার্বিক অর্থায়নে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান খান রিনো।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় গোড়গ্রাম ইউনিয়ন থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া হলে তাদের মধ্যে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















