নীলফামারী সদর উপজেলায় পরিবেশদূষণের দায়ে মেসার্স রাফি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার পিলারের বাজার এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও নীলফামারী সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, অটো রাইস মিলের কার্যক্রম থেকে সৃষ্ট ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ দূষিত হচ্ছিল।
এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫ ধারার উপধারা (২) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১২(ক) বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে অটো রাইস মিল পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় নীলফামারী সদর উপজেলা আনসার বিভাগের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।