
“সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা” স্লোগানকে সামনে রেখে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ। নীলফামারী কাল্ব ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান।
এ সময় বক্তারা বলেন, ক্রেডিট ইউনিয়ন মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমবায়ের চেতনা কাজে লাগিয়ে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে এ কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে।
নীলফামারী দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় এবং জেলা কাল্ব ক্লাস্টারভুক্ত ক্রেডিট ইউনিয়নগুলোর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 

















