
দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট পদ্ধতি জনপ্রিয় করতে নীলফামারীতে প্রচারণা ক্যাম্পেইন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রূপালী ব্যাংকের নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি প্রচারণা র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী করপোরেট শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।
বক্তারা বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একটি কিউআর কোড স্ক্যান করেই সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এ পদ্ধতির ব্যবহার বাড়লে দেশে ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
তাঁরা আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ব্যবসায়ী-গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন অতিথিরা। ব্যাংক কর্মকর্তারা জানান, ক্যাশলেস লেনদেনে মানুষকে অভ্যস্ত করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 
















