
আবেদ আলীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সভা গত ৩ আগস্ট, নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়স্থ জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সভায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিদ্ধান্ত হলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত “নজরুল বর্ষ” উপলক্ষে জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নাটক “মধুমালা” ও “আলেয়া” মঞ্চায়ন এবং কবির জীবনীর ওপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পী অন্বেষণে কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে থাকবে, কবির জীবনীর ওপর বক্তব্য, আবৃত্তি, গান, নাচ ও কোরিওগ্রাফি। দেশ-বিদেশের সকল নজরুল গবেষক, নজরুল সংগীত শিল্পী, ব্যান্ডশিল্পী ও আবৃত্তিকারদের নিয়ে কবির সকল কর্মকাণ্ডের ওপর শীতকালীন সময়ে দিনব্যাপী বিশাল আকারে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতিতে মতবিনিময় সভা এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে জাসাস নেতা শহীদ জসিম স্মরণে এবং জুলাইয়ে আহত যোদ্ধাদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে অ-অনুমোদিত মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে শীঘ্রই নতুন কমিটি অনুমোদন করা হবে।
এছাড়া দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৭ জানুয়ারি, নয়াপল্টনস্থ জাসাস কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৪ জন জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আবেদ আলী 


















