
নীলফামারী শহরের পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে চেয়ারম্যান প্রার্থীর রাজনৈতিক পরিচয় তুলে ধরাকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের দাবি, সেখানে মাহফিলে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি; বরং একজন প্রার্থীর দলীয় পরিচয় প্রচার নিয়ে আপত্তি ও বাকবিতণ্ডা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহফিলে বক্তব্য দেওয়ার একপর্যায়ে জামায়াত নেতা আরিফ আল মামুন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পরিচয়সহ উপস্থিত লোকজনের সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় এর প্রতিবাদ জানান নীলফামারী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম নান্টু।
জাহাঙ্গীর আলম নান্টু প্রশ্ন তোলেন, মাহফিলের ব্যানার কিংবা প্রচারপত্রে কোথাও কোনো রাজনৈতিক দলের পরিচয় উল্লেখ নেই। তাহলে ধর্মীয় এ আয়োজনের মঞ্চ থেকে বারবার একজন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর পরিচয় তুলে ধরা হচ্ছে কেন? ওয়াজ মাহফিল কি কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে জনগণের সামনে পরিচিত বা প্রচার করার জন্য আয়োজন করা হয়েছে?
এ নিয়ে আরিফ আল মামুন ও জাহাঙ্গীর আলম নান্টুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতার বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। তবে ঘটনাটিকে মাহফিলে বাধা দেওয়ার ঘটনা হিসেবে উপস্থাপন করা সঠিক নয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মূলত মাহফিলের মঞ্চে রাজনৈতিক প্রার্থীর পরিচয় তুলে ধরাকে কেন্দ্র করেই এ বিতর্কের সূত্রপাত।
স্থানীয়দের মতে, ওয়াজ মাহফিল ধর্মীয় আলোচনা, ইসলামের বাণী প্রচার ও নৈতিক শিক্ষার জায়গা। সেখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীকে পরিচিত করানো কিংবা রাজনৈতিক প্রচারের চেষ্টা করা হলে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। ধর্মীয় আয়োজনকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখার বিষয়টি নিয়েও সচেতন মহলে আলোচনা চলছে।l
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 

















