
নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন, উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবিব, সদস্যসচিব মনোয়ার হোসেন এবং পৌর কমিটির আহ্বায়ক তাইজুল ইসলাম।
উপজেলা যুবশক্তির আহ্বায়ক আহসান হাবিব রক্সি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বর্তমান সময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উত্থাপন করেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের সমর্থন করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমির মোখলেসুর রহমান (মাস্টার), প্রেসক্লাবের সভাপতি ও জামায়াতের নায়েবে আমির কামারুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলের নেতারা কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার 



