
নীলফামারীর জলঢাকায় শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিয়ে ও মাদকের বিস্তার রোধের লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের ইউএনও’র কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বোর্ডের সদস্য-সচিব কামরুজ্জামান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, বিএমআরই-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান ও জলঢাকার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী। এছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি নুরনাহার (এসপিসি) এবং ইএসডিও-র টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত রায় ও টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন। নেটওয়ার্কের সভা প্রধান বায়েজিদ বোস্তামী বাপ্পীসহ সদস্যরা মাঠপর্যায়ে শিশুদের সার্বিক সুরক্ষা ও অধিকার নিশ্চিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন।
সভায় উপজেলাজুড়ে বাল্যবিয়ে ও মাদকের বিস্তার রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ভুয়া ও মধ্যস্থতাকারী (ভায়া) কাজীদের অপতৎপরতা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। প্রতিটি বিদ্যালয়ে শিশুদের শতভাগ নিরাপত্তা বিধান ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলার ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের সঠিক তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সামাজিক সুরক্ষার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। শিশুদের সঠিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সভা শেষে উপস্থিত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা জলঢাকা উপজেলার শিশুদের অধিকার রক্ষা ও শিশু সুরক্ষায় আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আবেদ আলী 


















