
মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃজনকল্যাণমূলক খাল খনন কার্যক্রমে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় অবদান রাখায় নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীসহ সমগ্র বাংলাদেশ থেকে নির্বাচিত ৮৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)।
শনিবার ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় সরকারের জনকল্যাণমূলক খাল খনন কার্যক্রমে সততার সাথে দায়িত্বপালন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখায় রংপুর বিভাগের ৬ জনসহ সমগ্র বাংলাদেশ থেকে মোট ৮৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তিনি বলেন,‘রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ বড় একটি আমানত এবং আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ নির্ভরযোগ্য এবং বসবাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে।’

মাঠ প্রশাসনের কর্মকর্তারা জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,’দ্বায়িত্ব পালনরত উপজেলা হয়তো আপনার নিজের উপজেলা নয়, কিন্তু সেটি বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষরা নিজের এলাকার মানুষের মতোই আপন। তাই দেশের প্রতিটি মানুষকে নিজের মানুষ মনে করে কাজ করতে হবে।’
ইউএনওদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনি যে উপজেলায় দ্বায়িত্ব পালন করছেন, সেটি হয়তো আপনার নিজের উপজেলা নয়। কিন্তু সেই উপজেলাতো আপনার দেশেরই একটা অংশ। সেখানকার যে মানুষগুলোকে আপনারা দেখছেন,তারা হয়ত আপনার এলাকার মানুষ নন, কিন্তু তারা তো আপনাদেরই সেই আপনজনদের মতোই মানুষ। বাংলাদেশ একটা ছোট দেশ এই দেশটাকে যদি ঠিকঠাক করতে হয়, তাহলে আমাদের সবারই সম্মিলিত চেষ্টায় তা করতে হবে।’
পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন এই উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।
সভায় বিভিন্ন উপজেলার খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সরকার এবং জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমার বিশ্বাস আপনারা জনগণের জন্য অনেক ভালো কিছুই করতে পারবেন।’
এ সভায় বিভিন্ন উপজেলার ৮৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী’র এ অর্জনে ডোমারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ আপামর ডোমারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি শায়লা সাঈদ তন্বী সততার যে দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এমন প্রশংসার অর্জনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সমগ্র ডোমার উপজেলাবাসী।
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারী 


















