
বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকায় নবনির্মিত মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার সীমান্ত এলাকার মাঝামাঝি স্থানে মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। এ বিওপি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন বিওপি উদ্বোধনের ফলে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন এবং বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্তের শান্তি-নিরাপত্তা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















