
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী মহোৎসব-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণের নামকীর্তন, ধর্মীয় নানা স্লোগান ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের পদচারণায় শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিভূতি ভূষণ রায়, সদস্য সচিব প্রদীপ কুমার রায়, কমল কান্তি রায়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জলঢাকা সনাতনী সংঘ ও ভক্ত মিশনের আয়োজনে অনুষ্ঠিত এ মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের আবহে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে নতুন মাত্রা যোগ হয়।
ভবদিশ চন্দ্র 













