
আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় জমি দখলের চেষ্টায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই বিন্যাবাড়ী বাজার ক্যানেল সংলগ্ন এলাকার নূরনবী ইসলাম গতকাল থানায় এই অভিযোগ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নূরনবী ইসলাম দলিল নং ১১৭০ গত ০২/০২/২০২৬ খ্রিষ্টাব্দে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘ দিন ধরে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিস স্থাপন করে শান্তিপূর্ণভাবে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পক্ষ অফিসটি ভাঙচুর করে ওই জমি জবরদখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১১/১১/২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল আনুমানিক ৪টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে নূরনবীর মালিকাধীন জমিতে অবস্থিত শ্রমিক দলের অফিস ভাঙচুর ও জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় নূরনবী বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বিবাদীরা প্রকাশ্যেই বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি প্রদান করছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী নূরনবী ইসলাম জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবেদ আলী 
















