
নীলফামারীর জলঢাকায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে কমিয়ে আনতে ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, খুটামারা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী, ইএসডিও টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত রায়, টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র রায় এবং উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের মুন্নি আক্তার ও সোহেল রানা প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক তৎপরতা জোরদার এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।
আবেদ আলী 
















