
মোঃ রুহুল আমিন রাসেল. লালমনিরহাট জেলা প্রতিনিধি: রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা পুলিশ অফিস ও রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং পুলিশ সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
লালমনিরহাটে পৌঁছালে জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর ডিআইজি জেলা পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন।
পাশাপাশি জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পরবর্তীতে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জনাব মোঃ আকবর আলী মুন্সী। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)।
বক্তব্যে ডিআইজি বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের বিকল্প নেই। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মানবিক আচরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
পরে তিনি রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডারসহ বিভিন্ন শাখা এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করেন।
দিনব্যাপী পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় লালমনিরহাট জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানী, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রুহুল আমিন রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি 









