
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন পৌর বিএনপি সাবেক সভাপতি মাহবুব-উর-রহমান। শনিবার (২২ আগষ্ট) রাত সাড়ে আটটায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মাহবুব-উর-রহমান পেয়েছেন ২৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহায়েল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। ফলে চার ভোটের ব্যবধানে বিজয়ী হন মাহবুব। এছাড়া ৩৬১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে রাজ কুমার পোদ্দার, ৩৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি আকতার হোসেন স্বপন নির্বাচিত হয়েছেন।
সাধারণ গ্রুপের নির্বাহী সদস্য পদে গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন,মশগুল ইসলাম, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মনিরুজ্জামান চৌধুরী, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ, আকিবুর রহমান, মাহবুবর রহমান নির্বাচিত। এছাড়াও সহযোগী গ্রুপে নির্বাহী সদস্য পদে আবুল কালাম মিন্টু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মতিয়ার রহমান ও আজিজুল ইসলাম নির্বাচিত।
এর আগে সকাল ১০টা থেকে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫৯০ জন ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
চেম্বার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুজন, সহ-সভাপতি পদে তিনজন, নির্বাহী সদস্য (সাধারণ গ্রুপ) পদে ১৮ জন এবং নির্বাহী সদস্য (সহযোগী গ্রুপ) পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিজয়ের প্রতিক্রিয়ায় মাহবুব-উর রহমান বলেন, জেলার ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। খুব দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে বসে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবো।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















