
ভবদিশ চন্দ্র: নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জলঢাকা মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জলঢাকা থানা এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা, জলঢাকা। এবারের আসরে পুরুষ বিভাগে চারটি এবং নারী বিভাগে দুটি দলসহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সল চৌধুরী কমেট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারি অধ্যক্ষ সাদের হোসেন, মোহাইমিনুল রহমান ছানা, রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি নাজমুল আলম বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও সময়ের সঙ্গে খেলাটির জনপ্রিয়তা কিছুটা কমে গেছে। জাতীয় এই খেলাকে আবারও মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্ভাবনাময় ও দক্ষ কাবাডি খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জলঢাকা থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়, আয়োজক, অতিথি এবং উপস্থিত দর্শকদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে কাবাডির প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করা হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিও নতুন প্রজন্মের কাছে আবার জনপ্রিয় হয়ে উঠবে।
ভবদিশ চন্দ্র 


















