
মাইদুল হাসান : স্কাউটিংয়ে দক্ষতা ও জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬শে সেপ্টেম্বর শনিবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ স্কাউট সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা স্কাউট কমিশনার তহিদুল ইসলাম সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও পাঁচদিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশে জলঢাকা উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ স্কাউট সমাবেশে অংশগ্রহণ করেছেন।
এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯টি, দাখিল ও আলিম মাদ্রাসার সমন্বয়ে ৩টি। স্কাউট কমিশনার তহিদুল ইসলাম জানান, পাঁচদিন ব্যাপী স্কাউট সমাবেশে প্রশিক্ষণ মাষ্টার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন নীলফামারী জেলা স্কাউট লিডার এ.এল.টি প্রশান্ত কুমার দত্ত, দিনাজপুরের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) এ.এল.টি খলিলুর রহমান ও ডোমার স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এছাড়া জলঢাকায় এ স্কাউট সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আদলে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এছাড়াও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সব সময় তদারকি করছেন।
স্কাউট কমিশনার তহিদুল ইসলাম মাষ্টার বলেন, প্রতিষ্ঠান ভিত্তিক অনুদান, স্কাউটের সঞ্চয়ি অনুদান ও আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে এ স্কাউট সমাবেশ বাস্তবায়ন করছি। তিনি জানান, পাঁচদিন ব্যাপী চলমান স্কাউট সমাবেশে শিক্ষার্থীদের ২ বেলা নাস্তা ও তিন বেলা খাওয়া দাওয়া, থাকা ও রাত্রী যাপনের সুব্যবস্থা করা হয়েছে এছাড়া সমাপনী দিনে শিক্ষার্থীদের হাতে একটি করে স্কাউট সনদ দেওয়া হবে।
মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি 



















