
মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, এর আগে তিনি সাভারের আশুলিয়ায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ায় কর্মরত থাকার সময় এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে সাঈদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ জানান, ধর্ষণ ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আশুলিয়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি সাঈদ আলীকে গ্রেফতার করতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সিরাজদিখানে আসে। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তিনি নিয়মিত দায়িত্ব পালনের জন্য কার্যালয়ে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আশুলিয়া থানা পুলিশের সদস্য ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিরাজদিখান থানার ওসির সঙ্গে আলোচনা করা হয়। এরপর সাঈদ আলীকে প্রথমে সিরাজদিখান থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, সাঈদ আলী প্রায় দুই মাস আগে বদলি হয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন। তার গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এদিকে, মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতেই সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানায় সম্পন্ন করা হবে।
পিএনএস এজেন্সি 


















