
আবেদ আলী : শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকার দক্ষিণ পাইটকাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে ছাত্রনেতা এম.এ আশফুল্লাহ্ আল মামুনকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হলে তার হাতে ফুল দিয়ে বরণ করেন নেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
গত ২২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকসানা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে (স্মারক নং- ৩৭.০২.৮৫০০.০০০.০৮.০০৪.২৬.২৪৯১(৫)) আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদনের পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়ের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিযুক্ত এডহক কমিটির সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুন।
তিনি বলেন, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আমার ওপর যে আস্থা ও সম্মান অর্পণ করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সৎ মনোভাব থাকলে অবহেলিত এই প্রতিষ্ঠানটির আমূল পরিবর্তন সম্ভব। তিনি শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের নানা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। বক্তব্য শেষে তিনি পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ও হলরুম ঘুরে দেখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য আকবার আলী, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ইউপি সদস্য ইউনুস আলী, জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবেদ আলী, পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাভলু এবং শিমুলবাড়ি সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জুয়েল ইসলাম, শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায়, সহকারী শিক্ষক প্রতীমা রানী রায়, আশিকুর রহমান, আনারুল ইসলাম, ভজন চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, লাকী বেগমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গঠিত ৪ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায়, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়।
আবেদ আলী 


















