
নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্মিলিত আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জলঢাকা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে একত্রিত হন। পরে সেখান থেকে একটি সম্মিলিত র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সাংবাদিক সংগঠনগুলো পৃথক পৃথক র্যালী নিয়ে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সহ সম্পাদক মাইদুল হাসান, মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন ও প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান। বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সমাবেশে জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আবেদ আলী 



















