বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম অগ্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে পরিচিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে নীলফামারীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, মানবতাবাদ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির দেশাত্মবোধ, সাম্য, প্রেম ও মানবতার চেতনাভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা পরিবেশনা উপভোগ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।